সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়েছে, কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র (কেএসরিলিফ) সিরীয় আরব প্রজাতন্ত্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ১০টি পূর্ণ সজ্জিত অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে।
এসপিএ জানায়, মানবিক পরিস্থিতি ও চাহিদার কারণে সিরিয়ার স্বাস্থ্য খাত প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। এতে অনেক স্বাস্থ্যসেবা সক্ষমতা, বিশেষ করে অ্যাম্বুলেন্স, অকেজো হয়ে পড়েছে। এই খাতকে সহায়তা করতেই অ্যাম্বুলেন্সগুলো দেওয়া হলো।
কেন্দ্রটি এর আগেও সিরিয়াকে ২২টি অ্যাম্বুলেন্স দিয়েছে, যেগুলোর মাধ্যমে ৫,০০০-এর বেশি জরুরি রোগী পরিবহন করা হয়েছে। এসপিএর তথ্যমতে, এতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য খাতের সক্ষমতায় উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়েছে এবং সবচেয়ে অভাবগ্রস্ত প্রদেশ ও এলাকাগুলোতে রোগী ও আহতদের জীবন বাঁচাতে ও দ্রুত হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দিতে সহায়তা মিলেছে।
সিরিয়ার চিকিৎসা খাতের সক্ষমতা বাড়াতে কেএসরিলিফের মাধ্যমে সৌদি আরবের মানবিক কর্মসূচি ও প্রকল্পের ধারাবাহিকতায় এই সহায়তা দেওয়া হয়েছে।

