সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়েছে, কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র (কেএসরিলিফ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৌদি সেন্টার ফর কালচার অ্যান্ড হেরিটেজের সঙ্গে একটি যৌথ সহযোগিতা চুক্তি সই করেছে। এর আওতায় গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরে 'রিয়াদ মডেল স্কুল' প্রতিষ্ঠা ও পরিচালনা করা হবে।
চুক্তিতে সই করেন কেএসরিলিফের অপারেশনস ও প্রোগ্রামবিষয়ক সহকারী সুপারভাইজার জেনারেল প্রকৌশলী আহমেদ বিন আলী আল-বাইজ এবং সৌদি সেন্টার ফর কালচার অ্যান্ড হেরিটেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. ইসাম ফাতহি সুলাইমান আবু খলিল।
প্রকল্পের লক্ষ্য গাজা উপত্যকায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের প্রাথমিক শিক্ষা আবার চালু করতে সহায়তা করা। প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ৭২০ জন ছাত্রছাত্রীর জন্য একটি সুসজ্জিত স্কুল গড়ে তোলা হবে, যেখানে উপত্যকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিদিন দুই শিফটে পাঠদান চলবে।
প্রকল্পের মধ্যে রয়েছে স্কুলকে সজ্জিত করা, শ্রেণিকক্ষ, আসবাব ও শিক্ষা উপকরণ সরবরাহ, সংস্কারকাজ এবং পানি, পয়োনিষ্কাশন, সৌরশক্তি, ইন্টারনেট, বায়ু চলাচল ও নজরদারি ক্যামেরার মতো মৌলিক অবকাঠামো সম্পন্ন করা। শিশুদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্থিতিশীলতার জন্য দলগত ও ব্যক্তিগত সেশন এবং বয়স উপযোগী বিনোদনমূলক ও শিক্ষামূলক কার্যক্রমও থাকবে।
প্রকল্পটি শিক্ষা, প্রশাসন ও সেবা খাতে ২২টি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, যা থেকে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মীদের পরিবারের ৩,৭১৫ জন উপকৃত হবেন। এসপিএ জানায়, ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা খাতকে সহায়তা এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য নিরাপদ ও টেকসই শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই চুক্তি করা হয়েছে।
