সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়, ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয় মক্কা অঞ্চলের শাখার মাধ্যমে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ফেরা হাজিদের মধ্যে খাদেমুল হারামাইন শরিফাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে পবিত্র কুরআন ও এর অর্থের অনুবাদ উপহার বিতরণ শুরু করেছে। এ বছরের হজ সম্পন্ন করে তাঁরা নিজ দেশে ফিরছেন।
মন্ত্রণালয়ের মাঠকর্মীরা প্রস্থান হলের ভেতরে একটি সুসংগঠিত পরিকল্পনা অনুযায়ী বিতরণ করছেন, যাতে রওনা হওয়ার আগেই হাজিরা উপহারটি পান।
এ বছর বিতরণের জন্য পবিত্র কুরআন ও এর অর্থের অনুবাদের ১.৯ মিলিয়ন কপি বরাদ্দ রাখা হয়েছে। মদিনার বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স থেকে প্রকাশিত এসব কপি ৮০টির বেশি ভাষায় অনূদিত, ফলে হাজিরা নিজ নিজ ভাষায় কুরআনের অর্থ বুঝতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনগুলোতে আকাশ, স্থল ও সমুদ্রপথের সব প্রস্থান কেন্দ্রে বিতরণ অব্যাহত থাকবে, যাতে সর্বাধিক সংখ্যক হাজির কাছে উপহারটি পৌঁছায়। মন্ত্রণালয়ের ভাষ্যে, হাজিদের আগমন থেকে দেশে ফেরা পর্যন্ত তাঁদের সেবায় নেতৃত্বের যত্নেরই অংশ এই উদ্যোগ।


