সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সৌদি এয়ারলাইন রিয়াদ এয়ার ইন্ডিগো (গাঢ় নীল) রঙে রাঙানো তাদের প্রথম বোয়িং 787-9 ড্রিমলাইনার উড়োজাহাজের প্রথম ছবি প্রকাশ করেছে। উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের চার্লস্টনে বোয়িংয়ের রং করার কারখানা থেকে বেরিয়ে এসেছে।
ইন্ডিগো ও ল্যাভেন্ডার রঙের এই নজরকাড়া নকশা মরুভূমির বসন্তকালীন ফুলের রং ও আরবি ক্যালিগ্রাফি শিল্প থেকে অনুপ্রাণিত, যা এয়ারলাইনটির মুক্তার মতো সাদা পরিচিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রিয়াদ এয়ারের বহরের প্রতি দশটি উড়োজাহাজের একটিতে এই ইন্ডিগো নকশা থাকবে বলে আশা করা হচ্ছে। উড়োজাহাজটি নিকট ভবিষ্যতে হস্তান্তরের কথা রয়েছে এবং শিগগিরই সংস্থাটির সেবা দেওয়া ১৫টি আন্তর্জাতিক বিমানবন্দরের একটিতে দেখা যাবে।
রিয়াদ এয়ারের প্রধান নির্বাহী টনি ডগলাস বলেন, প্রথম ইন্ডিগো উড়োজাহাজকে রঙের কারখানা থেকে বেরোতে দেখা রিয়াদ এয়ারের জন্য গর্বের মুহূর্ত। তাঁর ভাষায়, মরুভূমির বসন্ত-ফুল ও আরবি ক্যালিগ্রাফির সৌন্দর্যে অনুপ্রাণিত এই নকশা ব্র্যান্ডটিকে এমন স্বতন্ত্র উপস্থিতি দেবে, যা বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে আলাদা করে চোখে পড়বে।
ডগলাস আরও বলেন, মুক্তার মতো সাদা নকশার পাশাপাশি এটি একটি আধুনিক ও আত্মবিশ্বাসী সৌদি পরিচিতি তুলে ধরে এবং সংস্থাটির অগ্রযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চার মাসেরও কম সময়ে সংস্থাটি ১০টি উড়োজাহাজ ও ১৫টি গন্তব্যে পৌঁছেছে।



