সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয় “জেইন সৌদি”র সঙ্গে অংশীদারত্বে রিয়াদে অনুষ্ঠিত LEAP 2026 সম্মেলন ও প্রদর্শনীতে জেইন সৌদির প্যাভিলিয়নে মসজিদবিষয়ক ইলেকট্রনিক সিস্টেম চালু করেছে।
সিস্টেমটি দেশের বিভিন্ন অঞ্চলে ৮৫,৯৮০ মসজিদের ব্যবস্থাপনায় সহায়তা করে এবং ৯৬ হাজারের বেশি কর্মীকে সেবা দেয়। এতে রয়েছে সম্পদ ব্যবস্থাপনা, জুমার খুতবা, কর্মী ব্যবস্থাপনা, মাঠপর্যায়ের পরিদর্শন, রক্ষণাবেক্ষণ, প্রতিবেদন ও ডেটার স্মার্ট বিশ্লেষণসহ বিভিন্ন ডিজিটাল সেবা। এর মাধ্যমে ৫,৩০০-এর বেশি পর্যবেক্ষক ও তত্ত্বাবধায়কের নেটওয়ার্ক ৩.৬ মিলিয়নের বেশি মাঠ পরিদর্শন সম্পন্ন করেছে।
মন্ত্রণালয়ের পরিকল্পনা ও ডিজিটাল রূপান্তরবিষয়ক উপমন্ত্রী প্রকৌশলী খালিদ বিন মুহাম্মদ আল-সুনাইয়ান বলেন, এই অংশীদারত্ব মন্ত্রণালয়ের কর্মব্যবস্থা উন্নয়নে একটি গুণগত পদক্ষেপ এবং ডিজিটাল রূপান্তর মসজিদ ও এর কর্মীদের সেবা উন্নয়নের মূল স্তম্ভ। তাঁর মতে, জেইন সৌদির সঙ্গে সহযোগিতা মসজিদ ব্যবস্থাপনার জন্য সমন্বিত ডিজিটাল অবকাঠামো গড়ার মন্ত্রণালয়ের প্রচেষ্টারই ধারাবাহিকতা।
জেইন সৌদির ব্যবসা, ক্যারিয়ার ও অপারেটর খাতের প্রধান নির্বাহী ফাহাদ বিন সাহমি আল-সাহমা বলেন, “আমরা বিশ্বাস করি, ডিজিটাল রূপান্তর একটি সমন্বিত পদ্ধতি, যা গুরুত্বপূর্ণ খাতগুলোর দক্ষতা ও সেবার মান বাড়াতে ভূমিকা রাখে।” তিনি জানান, মসজিদ ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও নির্ভরযোগ্য করে তোলে এমন ডিজিটাল ব্যবস্থা গড়ায় অবদান রাখতে পেরে প্রতিষ্ঠানটি গর্বিত।
উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদবিষয়ক উপমন্ত্রী শায়খ ঈসা বিন আহমদ কামিলি এবং মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয় জানায়, সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে সিস্টেমটি ডেটা ও অটোমেশনের ওপর ভিত্তি করে তৈরি।

