সৌদি আরবের উদ্ভিদ বালাই ও প্রাণী রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ জাতীয় কেন্দ্র ‘ওয়িকা’ (Weqaa) তাদের ‘রুওয়াদ ওয়িকা’ কারিগরি সহায়তা কর্মসূচির চতুর্থ সংস্করণের প্রথম গন্তব্য হিসেবে রিয়াদ অঞ্চলকে বেছে নিয়েছে। বাণিজ্য চেম্বারের সদর দপ্তরে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশীদার হিসেবে রয়েছে সৌদি চেম্বার্স ফেডারেশন, রিয়াদ চেম্বার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ কর্তৃপক্ষ ‘মুনশাআত’ এবং সমবায় সমিতি পরিষদ।

কর্মসূচিতে কেন্দ্রের কৌশলগত দিকনির্দেশনা এবং উদ্ভিদ ও প্রাণী স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সহায়তার পদ্ধতি তুলে ধরা হচ্ছে। লাইসেন্স নেওয়ার বাড়তি সুবিধা, বাজারে সম্প্রসারণ ও প্রবৃদ্ধির সুযোগ এবং উদ্যোক্তাদের জন্য উপলব্ধ ক্ষমতায়নের ক্ষেত্রগুলোও ব্যাখ্যা করা হচ্ছে।

এ ছাড়া যোগ্যতা যাচাই ও লাইসেন্সিংয়ের ইলেকট্রনিক প্ল্যাটফর্মের সুবিধা এবং আবেদনের ধাপগুলো ব্যাখ্যা করে কর্মসূচিটি ডিজিটাল অভিজ্ঞতা সহজ করছে। উদ্ভিদ ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ পরিবেশ উন্নত করা এবং সেবার মান বাড়াতে বিনিয়োগকারীদের প্রযুক্তিগত ও জ্ঞানভিত্তিক সরঞ্জাম দেওয়ার প্রচেষ্টার অংশ এটি।

২০২৬ সালজুড়ে কর্মসূচিটি সৌদি আরবের সব অঞ্চলে ঘুরবে, যেখানে উদ্ভিদ ও প্রাণী স্বাস্থ্যসেবায় নিয়োজিত বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। এই খাতে কাজ করা প্রবাসীদের জন্যও লাইসেন্সিং প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে বিষয়টি প্রাসঙ্গিক।