সৌদি আরবের বীমা কর্তৃপক্ষ দেশটিতে স্বাস্থ্য বীমা সেবা দেওয়া কোম্পানিগুলোকে বহির্বিভাগে (আউটপেশেন্ট ক্লিনিক) চিকিৎসার জন্য পূর্ব চিকিৎসা অনুমোদন ছাড়াই একটি স্বাস্থ্য বীমা পণ্য চালুর নির্দেশ দিয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, গত কয়েক বছরে স্বাস্থ্য বীমার সুবিধাভোগীদের সামনে থাকা অন্যতম বড় সমস্যা সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, নতুন পণ্যটি বর্তমানে প্রচলিত স্বাস্থ্য বীমা পণ্যগুলোর পাশাপাশি একটি অতিরিক্ত বিকল্প হবে। এতে নিয়োগকর্তা ও পলিসিধারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সবচেয়ে উপযুক্ত বীমা বেছে নেওয়ার বাড়তি সুযোগ পাবেন। পণ্যটি ১ নভেম্বর ২০২৬ থেকে বীমা গ্রাহকদের জন্য উন্মুক্ত হবে।

বীমা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী প্রকৌশলী নাজি আল-ফয়সাল আল-তামিমি বলেন, এই নির্দেশনা নাগরিকদের ওপর চাপ কমানো ও জীবনমান উন্নত করতে দেশের নেতৃত্বের দিকনির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যের সঙ্গে মিল রেখে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই পদক্ষেপ বাজারে নেতৃত্ব দেওয়া এবং ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের চাহিদা পূরণকারী বীমা পণ্য দিতে কোম্পানিগুলোকে বাধ্য করার ক্ষেত্রে কর্তৃপক্ষের ভূমিকাকে নিশ্চিত করে, যা বীমা খাতের জাতীয় কৌশলের সঙ্গে সংগতিপূর্ণ।

নির্ধারিত তারিখের পর কোনো বীমা কোম্পানি অনুরোধ সত্ত্বেও নতুন এই বিকল্প দিতে অস্বীকার করলে গ্রাহক ও সুবিধাভোগীদের কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে আহ্বান জানানো হয়েছে। নিয়োগকর্তার মাধ্যমে স্বাস্থ্য বীমার আওতায় থাকা কর্মী ও তাঁদের পরিবারের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ।