সৌদি আরবের ইস্টার্ন হেলথ ক্লাস্টার রক্তদানের জন্য চারটি প্রধান কেন্দ্র নির্ধারণ করেছে। ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের রক্তদান কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার স্লোগান "ইকতিদা ওয়া আতা" (অনুসরণ ও দান)।
কেন্দ্রগুলো হলো দাম্মামের কিং ফাহাদ স্পেশালিস্ট হাসপাতাল, খাফজি জেনারেল হাসপাতাল, জুবাইল জেনারেল হাসপাতাল এবং কাতিফের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ বংশগত রক্তরোগ হাসপাতাল। এর সঙ্গে রয়েছে একটি ভ্রাম্যমাণ রক্তদান গাড়ি, যাতে প্রত্যেক নাগরিক ও প্রবাসী সহজে সেবাকেন্দ্রে পৌঁছে রক্ত দিতে পারেন।
ক্লাস্টারটি তার সেবা এলাকার বিভিন্ন স্থানে নির্দিষ্ট কেন্দ্র চালু করে রক্তদানে অংশগ্রহণে উৎসাহ দিচ্ছে। এর লক্ষ্য রক্তদানের গুরুত্ব এবং বহু রোগীর স্বাস্থ্য ও জীবনে এর দীর্ঘস্থায়ী প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো।
পূর্বাঞ্চলে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী ও পরিবার বসবাস করেন। তাঁদের জন্য এই কর্মসূচি বাসা বা কর্মস্থলের কাছেই রক্ত দিয়ে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর একটি সরাসরি সুযোগ।
