সৌদি আরবের সিনিয়র আলেম পরিষদের সাধারণ সচিবালয় বুধবার এক বিবৃতিতে পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে সন্ত্রাসী হুথি গোষ্ঠীর হামলার চেষ্টাকে "সব মানদণ্ডে সন্ত্রাস" বলে অভিহিত করেছে।
বিবৃতিতে গোষ্ঠীটিকে "সন্ত্রাসী হুথি মিলিশিয়া" বলে উল্লেখ করা হয় এবং ইয়েমেনে বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনায় তাদের হামলা এবং তা থেকে সৃষ্ট নিরাপত্তাহীনতা ও বিভেদেরও নিন্দা জানানো হয়। আলেমদের মতে, এই মিলিশিয়া আইএস ও আল-কায়েদার মতো উগ্রবাদী সংগঠনের চেয়ে কম বিপজ্জনক নয়, বরং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি ও মুসলমানদের ওপর আগ্রাসনে তাদেরও ছাড়িয়ে গেছে।
বিবৃতিতে বলা হয়, মসজিদুল হারাম ও মসজিদে নববীর উদ্দেশে যাওয়া মানুষদের লক্ষ্যবস্তু করা আরও বড় গুনাহ ও আগ্রাসন। সচিবালয়ের ভাষ্য, আল্লাহ তাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন; সৌদি আকাশ প্রতিরক্ষার সতর্কতা ও সৌদি সশস্ত্র বাহিনীর দক্ষতাও এতে ভূমিকা রেখেছে।
সূরা মায়েদার ৩৩ নম্বর আয়াত ও সূরা বাকারার ২০৫ নম্বর আয়াত উদ্ধৃত করে আলেমরা বলেন, এসব অপরাধ জীবন, সম্পদ, নিরাপত্তা ও স্থিতিশীলতার পবিত্রতা লঙ্ঘন এবং মুসলমানদের পবিত্র স্থানের মর্যাদাহানির চেষ্টা।
সূরা মায়েদার ২ নম্বর আয়াত ও সূরা তাওবার ৭১ নম্বর আয়াতের উল্লেখ করে তারা সব মুসলমানকে এসব কর্মকাণ্ডের নিন্দা জানাতে এবং পবিত্র স্থানে আঘাতকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান।
