মদিনার মসজিদে নববীতে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে মোট ২১,৬১৫,৯৭৭ জন দর্শনার্থী এসেছেন। মসজিদুল হারাম ও মসজিদে নববীর বিষয়াদি দেখভালকারী সাধারণ কর্তৃপক্ষ এক পরিসংখ্যান প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২,১২৪,৪২১ জন দর্শনার্থী রাসুলুল্লাহ (সা.) ও তাঁর দুই সাহাবির প্রতি সালাম জানানোর সৌভাগ্য লাভ করেছেন এবং ১,৪৪৯,৭৯১ জন রওজা শরিফে নামাজ আদায় করেছেন।

সেবার ক্ষেত্রে ৩৫৫,১৩০ জন পথনির্দেশনা সেবা, ২৮৭,৮৮৬ জন অতিথি সেবাকেন্দ্র এবং ৩০৮,২৬১ জন ভ্রাম্যমাণ গাড়ি সেবা নিয়েছেন। বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সেবা পেয়েছেন ৭৯,৫৯৯ জন।

মসজিদে নববীর গ্রন্থাগারে গেছেন ৮১,২৪৩ জন, আর মসজিদের প্রদর্শনীগুলো ঘুরে দেখেছেন ১৩৭,৮৬৭ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিসংখ্যান দর্শনার্থীদের মানসম্মত সেবা দেওয়া এবং শান্ত ও প্রশান্ত পরিবেশে নামাজ আদায়ে সহায়তার ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন।