সৌদি প্রেস এজেন্সির খবর অনুযায়ী, সৌদি চেম্বার্স ফেডারেশন ও ডিজিটাল সমাধান প্রতিষ্ঠান "এলম" রিয়াদে "লিপ ২০২৬" সম্মেলনের ফাঁকে বাণিজ্য চেম্বারগুলোর সেবার জন্য সমন্বিত ডিজিটাল পোর্টাল "তুজ্জার" উদ্বোধন করেছে। এর লক্ষ্য সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা অভিন্ন করা এবং ব্যবসায়ীদের জন্য চেম্বারের সেবা সহজলভ্য করা।
উদ্বোধনের সময় একটি চুক্তিও সই হয়, যার আওতায় এলম বাণিজ্য চেম্বারগুলোর সিস্টেম উন্নয়ন ও পরিচালনা করবে এবং সত্যায়নসহ অন্যান্য সেবা তুজ্জারের মাধ্যমে একক জায়গা থেকে দেবে। চুক্তিতে সই করেন এলমের প্রধান নির্বাহী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-ওমাইর এবং ফেডারেশনের মহাসচিব প্রকৌশলী সুলতান বিন মোহাম্মদ আল-মুসাল্লাম।
প্ল্যাটফর্মের প্রধান সেবা ইলেকট্রনিক সত্যায়ন। এর মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক ও তাদের অনুমোদিত প্রতিনিধিরা নথি, চুক্তি ও মুদ্রিত সামগ্রী সত্যায়নের আবেদন জমা দিয়ে অগ্রগতি দেখতে পারবেন, আর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান চেম্বারের ইস্যু করা নথির সত্যতা যাচাই করতে পারবে।
প্ল্যাটফর্মে সদস্যপদ ইস্যু ও নবায়ন, অনুমতিপত্রের আবেদন, প্রতিনিধিদের ক্ষমতা ও মেয়াদ ব্যবস্থাপনা এবং সেবা ফি পরিশোধের জন্য ই-ওয়ালেটের সুবিধাও রয়েছে।
ধাপে ধাপে আরও সেবা যুক্ত করা হবে এবং আবেদনের মান উন্নয়ন ও পর্যালোচনা দ্রুত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার টুল ব্যবহার করা হবে। সৌদি আরবে ব্যবসা করা প্রবাসী বিনিয়োগকারীদের জন্যও এক প্ল্যাটফর্ম থেকে সব চেম্বারের কাজ সারা সময় বাঁচাবে।
