সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র আজ প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বেশির ভাগ অঞ্চলে হালকা থেকে ভারী বজ্রবৃষ্টি হবে। এ সময় আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং ধুলাবালি ওড়ানো দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।
জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের বেশ কয়েকটি গভর্নরেটে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মদিনা, তাবুক, আল-জওফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল ও নাজরানের কিছু অংশ এবং রিয়াদ ও পূর্বাঞ্চলের দক্ষিণাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
মক্কা অঞ্চলে মক্কা নগরী, তায়েফ, আল-জুমুম, বাহরা, মাইসান, আদম ও আল-আরদিয়াতে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। জেদ্দা, রাবিগ ও খুলাইসে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার হালকা বৃষ্টি এবং আল-লাইথ ও আল-কুনফুদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কেন্দ্রটি সতর্ক করেছে, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি গতির ঝোড়ো হাওয়া বইতে পারে, বন্যা ও শিলাবৃষ্টি হতে পারে এবং উপকূলে উঁচু ঢেউ উঠতে পারে। ভারী বর্ষণের সময় টর্নেডো বা জলস্তম্ভ তৈরির সম্ভাবনাও রয়েছে।
প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী কিছু অঞ্চলে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টি চলতে পারে। কেন্দ্রটি সবাইকে তাদের ওয়েবসাইট, ‘আনওয়া’ অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অফিশিয়াল অ্যাকাউন্টে হালনাগাদ তথ্য ও সতর্কবার্তা অনুসরণের আহ্বান জানিয়েছে।
