সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আজও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে, যা আকস্মিক বন্যা ঘটাতে পারে। সঙ্গে শিলাবৃষ্টি এবং ধুলাবালি ওড়ানো জোরালো বাতাস বইতে পারে।

জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, তাবুক, আল-জাওফ ও উত্তর সীমান্ত অঞ্চলের কিছু অংশে এ পরিস্থিতি দেখা দেবে, আর হাইল অঞ্চলের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

পূর্বাঞ্চলের দক্ষিণ অংশে বৃষ্টিবাহী বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্বাঞ্চল, মক্কা, মদিনা ও তাবুকের উপকূলীয় এলাকায় রাতে এবং ভোরের দিকে কুয়াশা পড়তে পারে।

লোহিত সাগরে ভূপৃষ্ঠের বাতাস উত্তর-পশ্চিম থেকে পশ্চিম দিকে ঘণ্টায় ১২ থেকে ৩২ কিলোমিটার এবং দক্ষিণ-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ঘণ্টায় ১৫ থেকে ৩৮ কিলোমিটার বেগে বইবে, যা সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব থেকে পূর্বমুখী হবে এবং বজ্রমেঘ তৈরি হলে ঘণ্টায় ৫০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। ঢেউয়ের উচ্চতা আধা মিটার থেকে দেড় মিটার, কখনো দুই মিটারের বেশি হতে পারে।

আরব উপসাগরে বাতাস উত্তর-পশ্চিম থেকে পশ্চিম দিকে ঘণ্টায় ১০ থেকে ৩৫ কিলোমিটার এবং পশ্চিম থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ঘণ্টায় ১০ থেকে ২৫ কিলোমিটার বেগে বইবে। ঢেউ আধা মিটার থেকে এক মিটার উঁচু হবে এবং সাগর শান্ত থাকবে।