যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে আঘাত হানা একটি ঝড়ে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। ঝড়ের কারণে ৬ লাখের বেশি বাড়ি ও স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ফ্লোরিডায় স্থলভাগে আঘাত হানার পর গতকাল ঝড়টি দুর্বল হয়ে হারিকেন থেকে ক্রান্তীয় বা উত্তর-ক্রান্তীয় ঝড়ে পরিণত হয় এবং এর সঙ্গে ভারী বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যায়।

ফ্লোরিডা ও আলাবামাসহ মেক্সিকো উপসাগরের তীরবর্তী কয়েকটি অঙ্গরাজ্য জরুরি অবস্থা ঘোষণা করে এবং প্রবল বাতাস, উঁচু ঢেউ ও ভারী বৃষ্টির ঝুঁকিতে থাকা এলাকাগুলো খালি করার নির্দেশ দেয়।

ঝড়ের সঙ্গে বাতাসের গতি ঘণ্টায় ১৬৫ কিলোমিটারে পৌঁছায়। এর প্রভাব জ্বালানি খাতেও পড়ে; মেক্সিকো উপসাগরে প্রায় ৬৩% তেল উৎপাদন এবং ৫৭% গ্যাস উৎপাদন স্থগিত করা হয়।