মসজিদুল হারাম ও মসজিদে নববির বিষয়াবলি তত্ত্বাবধান সংক্রান্ত সাধারণ কর্তৃপক্ষ রিয়াদে অনুষ্ঠিত লিপ (LEAP) প্রদর্শনীতে ব্রোঞ্জ স্পনসর হিসেবে অংশ নিয়ে স্মার্ট সুবিধা, ডিজিটাল টুইন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা তুলে ধরছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, লক্ষ্য হলো কার্যক্রম উন্নত করা এবং দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা।
‘দুই পবিত্র মসজিদে উন্নত প্রযুক্তির নতুন যুগ’ প্রতিপাদ্যে সাজানো প্যাভিলিয়নে ভিড় ব্যবস্থাপনা, স্মার্ট রক্ষণাবেক্ষণ, সম্পদ ও জ্বালানি ব্যবস্থাপনা, প্রাইভেট ফাইভজি নেটওয়ার্ক এবং সমন্বিত একীভূত অপারেশন সেন্টারের সমাধান দেখানো হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই আয়োজনকে প্রযুক্তি অংশীদারত্বের সুযোগ খোঁজা, প্রুফ-অব-কনসেপ্ট পরীক্ষা চালানো এবং জ্ঞান স্থানান্তর ত্বরান্বিত করার কাজে লাগাতে চায়, যাতে লাখ লাখ দর্শনার্থীর সেবা আরও উন্নত হয়।
হজ ও ওমরাহ পালনে বাংলাদেশ থেকে যাওয়া মুসল্লিরাও এসব সেবার আওতায় রয়েছেন।
