সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে নারীদের ঐতিহ্যবাহী পোশাক জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। নকশা, রং, কাপড় ও সূচিকর্মের বৈচিত্র্য প্রতিটি অঞ্চলের নিজস্বতা এবং দৈনন্দিন জীবন, উৎসব ও বিয়ের সঙ্গে যুক্ত রীতিনীতির পরিচয় দেয়।

মধ্যাঞ্চলে চওড়া হাতার ঢিলেঢালা "মুনাইখিল" এবং হালকা ও কারুকাজ করা "মুশাল্লাল" প্রচলিত ছিল, যা সাধারণ পোশাকের ওপর পরা হতো এবং যার রং ছিল গাঢ় লাল ও কালো। মধ্য ও উত্তরাঞ্চলে "দাররাআ"-র নানা ধরন জনপ্রিয় ছিল, যেমন গোলাপের নকশায় সূচিকর্ম করা "উম্মে ওয়ারদা"।

মক্কা অঞ্চলে পোশাক জীবনযাপন ও উৎসবের সঙ্গে জড়িত ছিল, আর সূচিকর্মে নারীদের দক্ষতা ফুটে উঠত। মদিনায় "কুর্তা" জনপ্রিয় ছিল; বয়স্ক নারীরা হালকা রং এবং কিশোরীরা উজ্জ্বল রঙের রেশমি কুর্তা পরতেন। কনের "শারআ মাদিনি" ছিল গাঢ় গোলাপি, সোনালি সুতোয় সাজানো। পূর্বাঞ্চলে "দাররাআ" এবং সোনালি সুতো ও রেশমে কারুকাজ করা "হাশেমি সাওব" ছিল উল্লেখযোগ্য।

উত্তরে হাইল, আল-জাওফ, উত্তর সীমান্ত ও তাবুকের পোশাক স্থানীয় পরিবেশের সঙ্গে মানানসই ছিল, যেমন মাটি পর্যন্ত লম্বা ত্রিকোণ হাতার "মুরাওদান"। দক্ষিণে আসিরের কালো রেশমের "মুজান্নাদ" সোনালি ও রুপালি সুতোয় সাজানো হয় এবং আধুনিক নকশায় আজও টিকে আছে। জাজানে হাতে সূচিকর্ম করা "কুর্তা" ডোরাকাটা পায়জামার সঙ্গে পরা হতো, আর নাজরানে সাদা সাওবের ওপর পরা হতো চওড়া হাতার কালো "মুকাম্মাম"।

রেশম, সুতি ও পশমি কাপড় থেকে শুরু করে সোনালি-রুপালি সুতো ও পুঁতি পর্যন্ত, এসব পোশাক কাপড় বাছাই, রঙের সমন্বয়, সেলাই ও সূচিকর্মের প্রজন্মান্তরের জ্ঞান ধরে রেখেছে।