সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, জাজান শহরের সানসেট ওয়াটারফ্রন্ট (ওয়াজিহাত আল-গুরুব) এমন একটি পর্যটন ও বিনোদন অভিজ্ঞতা দেয়, যেখানে হাঁটার আনন্দের সঙ্গে মেলে সমুদ্রের দৃশ্য। সমুদ্রের ভেতর পর্যন্ত বিস্তৃত সানসেট ওয়াকওয়ে থেকে দর্শনার্থীরা বাধাহীনভাবে সমুদ্র ও দিগন্ত দেখতে পান এবং উপকূলীয় পরিবেশ ও সূর্যাস্ত উপভোগ করেন।
খোলা জায়গায় সময় কাটাতে আগ্রহী বাসিন্দা ও দর্শনার্থীদের স্বাগত জানায় এই ওয়াটারফ্রন্ট। ওয়াকওয়ে ধরে হাঁটতে হাঁটতে অনেকে দিনের বিভিন্ন সময়ে ছবি তোলেন এবং প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দি করেন।
সূর্যাস্তের সময় ঘনিয়ে এলে দৃশ্যপট বদলে যায়। দিনের আলো ম্লান হয়ে আসে আর আকাশের রং সমুদ্রের বুকে প্রতিফলিত হয়। এই দৃশ্য বিশেষ করে আলোকচিত্রপ্রেমীদের টানে, যাঁরা অস্তগামী সূর্য এবং আলো ও পানির প্রতিফলনের পরিবর্তন ধরে রাখেন।
সমুদ্রের ওপর অবস্থানের কারণে ওয়াকওয়েটি দৃশ্য দেখার ভিন্ন একটি কোণ তৈরি করে। ঢেউয়ের দোলা আর সমুদ্রের বাতাস দর্শনার্থীদের প্রশান্তিময় পরিবেশ দেয় এবং ওয়াটারফ্রন্টের উপকূলীয় চরিত্র ও বিস্তৃত দৃশ্যকে তুলে ধরে।
এসপিএর মতে, সানসেট ওয়াটারফ্রন্ট জাজান শহরের অন্যতম সমুদ্রতীরবর্তী গন্তব্য। জায়গাটির প্রাকৃতিক বৈশিষ্ট্য কাজে লাগিয়ে এটি বাসিন্দা ও দর্শনার্থীদের উপকূলীয় পরিবেশে হাঁটা ও সমুদ্রদৃশ্যের মিলিত অভিজ্ঞতা দিচ্ছে।


