সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়, সৌদি আরব রেলওয়ে (সার) সুইস এক্সপোর্ট রিস্ক ইন্স্যুরেন্স (SERV), কেএফডব্লিউ আইপেক্স-ব্যাংক, কমার্জব্যাংক এবং ইউবিএস সুইজারল্যান্ডের সঙ্গে একটি অর্থায়ন চুক্তি সই করেছে। এর মাধ্যমে সুইস প্রতিষ্ঠান স্ট্যাডলারের কাছ থেকে ১০টি নতুন যাত্রীবাহী ট্রেন কেনার অর্থ জোগান দেওয়া হবে। যাত্রীবাহী ট্রেনবহর সম্প্রসারণ ও পরিচালন সক্ষমতা বাড়ানোর কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জার্মানির রাজধানী বার্লিনে আন্তর্জাতিক পরিবহন প্রযুক্তি প্রদর্শনী ‘ইনোট্রান্স ২০২৬’-এ সারের অংশগ্রহণের ফাঁকে চুক্তিটি সই হয়। অনুষ্ঠানটি পরিবহন ও লজিস্টিক সেবামন্ত্রী এবং সারের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রকৌশলী সালেহ বিন নাসের আল-জাসেরের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়।

নতুন এই কেনাকাটা ২০২৪ সালে স্ট্যাডলারের সঙ্গে সারের করা চুক্তির ধারাবাহিকতা, যার আওতায় ১০টি আধুনিক যাত্রীবাহী ট্রেন কেনা ও রক্ষণাবেক্ষণের কথা রয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ মোট ট্রেনের সংখ্যা দাঁড়াবে ২০টিতে। প্রতিটি নতুন ট্রেনে থাকবে ৫টি বগি এবং মোট ৩০২টি আসন।

সারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. বাশার বিন খালেদ আল-মালিক বলেন, রেল খাতের প্রতি দেশের নেতৃত্বের ব্যাপক সমর্থনের প্রেক্ষাপটে এই চুক্তি সই হয়েছে। তাঁর মতে, এর মাধ্যমে ধারণক্ষমতা ও যাত্রার সংখ্যা বাড়বে, আরও বেশি যাত্রী সেবা পাবেন এবং সেবার মান উন্নত হবে।

আল-মালিক আরও বলেন, ট্রেনবহরের সম্প্রসারণ যাতায়াতের আরও বিকল্প তৈরি করবে, শহরগুলোর মধ্যে সংযোগ জোরদার করবে, ব্যবসা ও পর্যটনকে সহায়তা করবে এবং রেল পরিবহনের বাজার অংশীদারত্ব বাড়াবে। এটি জাতীয় পরিবহন ও লজিস্টিক কৌশল এবং সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সৌদি আরবে বসবাসরত প্রবাসী ও বাসিন্দাদের জন্য এর অর্থ আন্তঃনগর ভ্রমণে আরও বেশি বিকল্প।