মসজিদুল হারাম ও মসজিদে নববীর বিষয়াবলি দেখভালকারী সাধারণ কর্তৃপক্ষ মোহাম্মদ বিন সালমান ফাউন্ডেশন ‘মিস্ক’-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে ‘ইনোভেশন দিওয়ান’ কর্মসূচির ষষ্ঠ সংস্করণ ‘ফাক্কির লিল-হারামাইন’ (হারামাইনের জন্য ভাবুন) শিরোনামে চালু করেছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এর লক্ষ্য তরুণ ও উদ্ভাবকদের সৃজনশীল ভাবনাকে পরীক্ষাযোগ্য প্রোটোটাইপে রূপ দেওয়া এবং দুই পবিত্র মসজিদে আগতদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা।

কর্মসূচির পরিচালক আনাস আল শাহির জানান, অংশগ্রহণকারীরা কয়েকটি ধাপ পেরোবেন: ভাবনা জমা, ভার্চুয়াল ক্যাম্প, সরাসরি ক্যাম্প, এরপর ন্যূনতম কার্যকর পণ্য (MVP) তৈরি ও পরীক্ষা এবং শেষে সমাপনী অনুষ্ঠান, যেখানে সেরা তিনটি সমাধানকে পুরস্কৃত করা হবে।

এবারের সংস্করণে তিনটি মূল ক্ষেত্র রয়েছে: সংস্কৃতি ও মূল্যবোধ, প্রযুক্তি এবং সামাজিক দায়বদ্ধতা। এগুলো থেকে ছয়টি উপ-ট্র্যাক এসেছে, যার মধ্যে রয়েছে রওজা শরিফ জিয়ারতের অভিজ্ঞতা, অতিথি অভিজ্ঞতা, হারামাইনের পরিবেশ, বহুভাষিক নির্দেশনা, হারামাইনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং সমৃদ্ধ অভিজ্ঞতা।

পরিচালকের মতে, অংশগ্রহণকারীদের এমন এআই-ভিত্তিক সমাধান তৈরিতে উৎসাহ দেওয়া হচ্ছে, যা জরুরি ও মানবিক পরিস্থিতিতে সাড়া উন্নত করবে, ভিড়, সময় ও স্থান অনুযায়ী সেবা দেবে এবং বিভিন্ন ভাষা ও সংস্কৃতির দর্শনার্থীদের দ্রুত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে।

বিজয়ী তিনটি সমাধান আর্থিক পুরস্কার পাবে, যাতে সেগুলো বাস্তবায়নের পরবর্তী ধাপে এগোতে পারে। ভাবনা জমার শেষ তারিখ ঘোষণা করা হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৬। বহুভাষিক নির্দেশনার ওপর জোর আরবি না জানা বিপুল সংখ্যক মুসল্লি ও দর্শনার্থীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।