সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মেডিকেল অ্যাপ্লায়েন্সেস করপোরেশন (স্পিমাকো) এবং এর সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান স্পিমাকো বায়ো জেনেটিক্স বায়োথেরাপিউটিকসের (Genetix Biotherapeutics Inc) সঙ্গে একটি একচেটিয়া সহযোগিতা ও লাইসেন্স চুক্তি সই করেছে। এর আওতায় LYFGENIA™ ও ZYNTEGLO™ চিকিৎসা সৌদি আরব ও গোটা মধ্যপ্রাচ্যে উন্নয়ন, বাজারজাত, উৎপাদন ও স্থানীয়করণ করা হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে অনুষ্ঠিত BIO International Convention 2026-এর সৌদি প্যাভিলিয়নে চুক্তিটি সই হয়। পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক উপ-স্বাস্থ্যমন্ত্রী প্রকৌশলী আবদুলআজিজ বিন হামাদ আল-রুমাইহের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি হয়। স্পিমাকোর পক্ষে ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. আহমদ বিন হামদান আল-জুদাই এবং জেনেটিক্সের পক্ষে প্রধান নির্বাহী ডেভিড মিক সই করেন।
LYFGENIA™ ও ZYNTEGLO™ একবার প্রয়োগযোগ্য উদ্ভাবনী জিন থেরাপি। প্রথমটি সিকেল সেল রোগীদের জন্য এবং দ্বিতীয়টি রক্ত সঞ্চালনের ওপর নির্ভরশীল বিটা-থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য।
প্রতিষ্ঠান দুটির ভাষ্য, দীর্ঘমেয়াদি এই কৌশলগত অংশীদারত্ব সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের রোগীদের উন্নত জিন থেরাপি পাওয়ার পথ দ্রুত করবে এবং জ্ঞান স্থানান্তর ও জৈবপ্রযুক্তির স্থানীয়করণে সহায়ক হবে। চুক্তিটি ভিশন ২০৩০, জাতীয় জৈবপ্রযুক্তি কৌশল ও জাতীয় শিল্প কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সৌদি আরব, উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশ ও মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রক অনুমোদন, উন্নয়ন ও বাণিজ্যিক বিপণনের দায়িত্বে থাকবে স্পিমাকো ও স্পিমাকো বায়ো। পাশাপাশি স্পিমাকো তার উৎপাদন অভিজ্ঞতা কাজে লাগিয়ে সৌদি আরবেই উন্নত উৎপাদন সক্ষমতা গড়ে তুলবে।

