সৌদি আরবের সংস্কৃতিমন্ত্রী ও ফ্যাশন কমিশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান আল সৌদ রিয়াদের ইস্তিতুতো মারাঙ্গোনিতে ফ্যাশন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এর লক্ষ্য সৌদি মেধাবীদের আন্তর্জাতিক দক্ষতার সঙ্গে যুক্ত করা এবং বৈশ্বিক ফ্যাশন শিল্পে তাদের সুযোগ বাড়ানো।
মন্ত্রী বলেন, “রিয়াদের মারাঙ্গোনি ইনস্টিটিউটে উচ্চশিক্ষা প্রোগ্রাম চালু করা বিশেষায়িত একাডেমিক শিক্ষাকে সুদৃঢ় করা এবং সাংস্কৃতিক খাতের চাহিদা ও ক্রমবর্ধমান সুযোগের সঙ্গে তা যুক্ত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
আবেদন শুরু হবে ৮ অক্টোবর এবং চলবে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত; ক্লাস শুরু হবে জানুয়ারি ২০২৭-এ। স্নাতক প্রোগ্রামে রয়েছে ফ্যাশন ডিজাইন ও অ্যাকসেসরিজ, ফ্যাশন কমিউনিকেশন ও ইমেজ এবং ফ্যাশন ম্যানেজমেন্ট ও ডিজিটাল কমিউনিকেশন; আর স্নাতকোত্তর পর্যায়ে দেওয়া হবে ফ্যাশন ও লাক্সারি ব্র্যান্ড ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি।
আগ্রহীরা ইনস্টিটিউটের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সাংস্কৃতিক বৃত্তি কর্মসূচির সুবিধা নিতে ইচ্ছুক সৌদি শিক্ষার্থীদের scholarship.moc.gov.sa প্ল্যাটফর্মে আলাদাভাবে আবেদন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে দুটি আবেদনই সম্পন্ন করতে হবে।
ফ্যাশন কমিশনের প্রধান নির্বাহী বুরাক চাকমাক বলেন, বিশ্বমানের ফ্যাশন খাত গড়ে তুলতে প্রতিটি ধাপে মেধায় বিনিয়োগ প্রয়োজন। মারাঙ্গোনির প্রধান নির্বাহী স্তেফানিয়া ভ্যালেন্তি একে প্রতিষ্ঠানের জন্য বড় সম্মান হিসেবে উল্লেখ করে বলেন, রিয়াদের শিক্ষার্থীরা একই একাডেমিক উৎকর্ষ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি এবং নব্বই বছরেরও বেশি সময় ধরে গড়ে ওঠা আন্তর্জাতিক নেটওয়ার্কের সুবিধা পাবেন।
২০২৫ সালে রিয়াদ ক্যাম্পাস চালুর পর থেকে চলা ডিপ্লোমা ও পেশাদার কোর্সের সম্প্রসারণ হিসেবে এই প্রোগ্রামগুলো আসছে, যার ভিত্তি ২০২৪ সালে ফ্যাশন কমিশন ও মারাঙ্গোনির মধ্যে স্বাক্ষরিত অংশীদারিত্ব। উদ্যোগটি জাতীয় সংস্কৃতি কৌশল ও সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যের অংশ।


