সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিকিৎসা সেবা মহাপরিদপ্তর রিয়াদের নিরাপত্তা বাহিনী হাসপাতালে এমন একটি অস্ত্রোপচার সফলভাবে করেছে, যা নিরাপত্তা বাহিনীর হাসপাতালগুলোর মধ্যে প্রথম। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, অ্যাপেন্ডিক্সে উৎপন্ন হয়ে পেটের গহ্বরে ছড়িয়ে পড়া একটি টিউমার এতে অপসারণ করা হয়।
ক্যান্সার সার্জারির পরামর্শক ড. মোহাম্মদ আল-বুরাইকিতের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল অস্ত্রোপচারটি করে। টিউমার ও আক্রান্ত অংশ অপসারণের পর পেটের গহ্বরে উত্তপ্ত কেমোথেরাপি প্রবাহিত করা হয়, যাতে অবশিষ্ট ক্যান্সার কোষ ধ্বংস হয় এবং রোগ ফিরে আসার ঝুঁকি কমে।
মন্ত্রণালয় জানায়, বিশেষায়িত চিকিৎসাসেবা উন্নয়ন এবং সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি ও পদ্ধতি চালুর প্রচেষ্টার অংশ হিসেবে এই অস্ত্রোপচার করা হয়েছে, যাতে সেবাগ্রহীতাদের স্বাস্থ্যসেবার মান বাড়ে।
হাসপাতাল জানিয়েছে, রোগীর অবস্থা ভালো ও স্থিতিশীল এবং তিনি চিকিৎসা তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা পরিকল্পনা সম্পন্ন করছেন।
