সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় দুই চিকিৎসকের পেশাগত অনুশীলনের লাইসেন্স স্থগিত করেছে। মন্ত্রণালয় একটি প্রচারমূলক ভিডিও শনাক্ত করে, যেখানে তাঁরা নিজেদের পেশাগত পরিচয় ও পারিবারিক সম্পর্ক ব্যবহার করে জনগণের আস্থা অর্জন এবং একটি এক্সোসোম পণ্যের ইনজেকশনকে নিরাপদ পদ্ধতি হিসেবে প্রচার করেন।

মন্ত্রণালয় জানায়, ভিডিওতে এক চিকিৎসককে তাঁর ভাইয়ের হাতে ইনজেকশন নিতে দেখিয়ে সেটিকে পণ্যের মান ও নিরাপত্তার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। বৈজ্ঞানিক প্রমাণ ও নিয়ন্ত্রক অনুমোদনের বদলে চিকিৎসকের প্রতি সমাজের আস্থা ও পারিবারিক বন্ধনকে কাজে লাগানো হয়।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে, মোড়কের নির্দেশনা অনুযায়ী পণ্যটি কেবল বাহ্যিক ব্যবহারের জন্য। ইনজেকশনের মাধ্যমে এটি ব্যবহার নির্ধারিত পদ্ধতির পরিপন্থী, আর বাহ্যিক ব্যবহারের অনুমতি থাকা মানে এটি ইনজেকশন দেওয়া বা এভাবে নিরাপদ বলে প্রচার করার অনুমতি নয়।

লঙ্ঘনের মধ্যে রয়েছে বিপণনে পেশাগত পরিচয়ের অপব্যবহার, মান ও নিরাপত্তা নিয়ে অপ্রমাণিত দাবি, নির্দেশনার বিপরীতে পণ্যের ব্যবহার এবং রোগীদের বিভ্রান্ত করতে পারে এমন বাণিজ্যিক চিকিৎসা কনটেন্ট প্রকাশ। মন্ত্রণালয় বলেছে, এসব কাজ স্বাস্থ্য পেশা অনুশীলন আইনের লঙ্ঘন, যা বৈজ্ঞানিকভাবে অস্বীকৃত চিকিৎসা ও চটকদার বাণিজ্যিক প্রচার নিষিদ্ধ করে।

মন্ত্রণালয় জানায়, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রোগীদের সুরক্ষায় এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। নিয়ম ভঙ্গকারী স্বাস্থ্যসেবা কার্যক্রমের তথ্য ৯৩৭ নম্বর কল সেন্টারে জানাতে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের জন্য বার্তাটি স্পষ্ট: কোনো স্বাস্থ্যপণ্যের নিরাপত্তা প্রমাণ হয় বৈজ্ঞানিক গবেষণা ও সরকারি অনুমোদনে, ব্যক্তিগত অভিজ্ঞতায় নয়।