মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ মসজিদুল হারামে জমজম পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রেখেছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, ১৪৪৭ হিজরির হজ মৌসুমে হাজিদের ক্রমবর্ধমান ভিড়ের সঙ্গে তাল মিলিয়ে জমজমের পানির স্টেশনগুলোর দক্ষতা বাড়ানো এবং সেবাকেন্দ্র সম্প্রসারণ করাই এর লক্ষ্য, বিশেষ করে বেশি চলাচলের জায়গাগুলোতে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমান ব্যবস্থায় জমজমের ১৬৯টি পানির স্টেশন রয়েছে এবং প্রতিদিন প্রায় ১৪,৮৯২ ঠান্ডা ও গরম পানির পাত্র ব্যবহার করা হয়। মুসল্লি ও দর্শনার্থীদের মধ্যে প্রতিদিন ২,১৪৬,০০০-এর বেশি গ্লাস বিতরণ করা হয়। জমজম পানির গড় দৈনিক ব্যবহার প্রায় ১,৬২২ ঘনমিটার।
পানির নিরাপত্তা ও মান নিশ্চিত করতে প্রতিদিন ৭০টি নমুনা পরীক্ষা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি সেবাকেন্দ্রে প্রকৃত চাহিদা বিশ্লেষণ করে বিতরণ আরও দক্ষ করা হয়েছে, যাতে সম্পদের সর্বোত্তম ব্যবহার হয় এবং সেবায় কোনো বিঘ্ন না ঘটে।
কর্তৃপক্ষ বলেছে, এই প্রকল্প হাজিদের অভিজ্ঞতা উন্নত করার সমন্বিত কার্যক্রমের অংশ। আশা করা হচ্ছে, এসব উন্নয়নের ফলে পানির স্টেশনের আশপাশে ভিড় কমবে, মসজিদুল হারামের ভেতরে চলাচল সহজ হবে এবং পানির অপচয় হ্রাস পাবে।
ভিড়ের সময় সহজে জমজম পানি পাওয়া হজ ও উমরাহ পালনকারী প্রত্যেকের জন্য সরাসরি সুবিধা।
