সৌদি প্রেস এজেন্সি জানায়, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) প্রতিষ্ঠান ও সৌদি আরবের নতুন জাতীয় এয়ারলাইন রিয়াদ এয়ার এবং সৌদিয়া তাদের কৌশলগত সহযোগিতা চুক্তির প্রথম ধাপ চালুর ঘোষণা দিয়েছে। এটি ২০২৩ সালের দুবাই এয়ারশোতে সই হওয়া সমঝোতা স্মারকের ধারাবাহিকতা।

এই ধাপে রিয়াদ এয়ার সৌদিয়ার যাত্রীসেবা ব্যবস্থার সঙ্গে প্রযুক্তিগত সংযোগ স্থাপন করেছে। এর আওতায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবহা, কাসিম, দাম্মাম, জেদ্দা, মদিনা ও তাবুকগামী সৌদিয়ার ফ্লাইটে রিয়াদ এয়ার তাদের RX কোড যুক্ত করবে।

উদাহরণস্বরূপ, দাম্মামের যাত্রীরা রিয়াদ হয়ে এক টিকিটে মাদ্রিদ যেতে পারবেন, আর কুয়ালালামপুর থেকে আসা যাত্রীরা রিয়াদ হয়ে সহজে মদিনায় পৌঁছাতে পারবেন। লাগেজ সরাসরি চূড়ান্ত গন্তব্যে পাঠানো হবে। রিয়াদ এয়ারের বিজনেস ক্লাস যাত্রীরা যেখানে সম্ভব সৌদিয়ার লাউঞ্জ ও অগ্রাধিকার সেবাও পাবেন।

রিয়াদ এয়ারের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ভিনসেন্ট কস্ত বলেন, এই পদক্ষেপ দেশের ভেতরে ও দেশে আগত যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। সৌদিয়ার আরভেদ ফন ৎসুর ম্যুলেন বলেন, এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে সংযোগের নতুন সুযোগ তৈরি হবে।

আগামী মাসগুলোতে "সফির" ও "আলফুরসান" লয়্যালটি প্রোগ্রামের মধ্যে পারস্পরিক সুবিধা চালুর কথা রয়েছে। এই সমন্বয় তিন বছরের কাজের ফল, যেখানে FLYR, INK ও Amadeus প্রযুক্তি অংশীদার ছিল। রিয়াদ এয়ারের প্রায় ১৫টি এয়ারলাইনের সঙ্গে সমঝোতা স্মারক রয়েছে।