খাদ্য ও পানীয়ের ওপর ভোগ কর সাময়িকভাবে কমানো এবং নিম্ন আয়ের মানুষের জন্য আয়ভিত্তিক নগদ সহায়তা ব্যবস্থা চালুর একটি বিল অনুমোদন করেছে জাপান। সরকার সংসদের চলতি অধিবেশনেই বিলটি পাস করাতে চায়।

পরিকল্পনা অনুযায়ী আগামী এপ্রিল থেকে দুই বছরের জন্য খাদ্য ও পানীয়ের ওপর কর ৮% থেকে কমে ১% হবে। পাশাপাশি নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে বার্ষিক অর্থ সহায়তা দেওয়া হবে।

১৯৮৯ সালে ভোগ কর চালুর পর এটি হবে এ ধরনের প্রথম কর হ্রাস। ১২ ডিসেম্বর পর্যন্ত চলা সংসদের বর্তমান বিশেষ অধিবেশনে আইনটি পাস হবে বলে আশা করছে সরকার।

মূল্যস্ফীতির চাপে থাকা জনগণকে দ্রুত সহায়তা দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় হিসেবে এই পদক্ষেপগুলোকে তুলে ধরা হচ্ছে। এর ফলে দুই বছরে কর রাজস্ব প্রায় ১০ ট্রিলিয়ন ইয়েন, অর্থাৎ ৬৩ বিলিয়ন ডলারের সমপরিমাণ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।