আলউলার রয়্যাল কমিশনের চলচ্চিত্র সংস্থা ‘ফিল্ম আলউলা’ ১৪ অক্টোবর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আলউলার ভিলা হেগরায় ‘সিনেমা আপ ক্লোজ’ কর্মসূচির দ্বিতীয় আসর আয়োজন করবে। এতে বেশ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা ও বিশেষজ্ঞ অংশ নেবেন।
ছয় সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে প্রতি সপ্তাহে তিনটি করে সেশন থাকবে। এর মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা, কর্মশালা ও ইন্টারঅ্যাকটিভ আয়োজন, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা চলচ্চিত্র নির্মাণের নানা দিক জানতে পারবেন।
১৪ থেকে ১৬ অক্টোবর প্রথম সপ্তাহের প্রতিপাদ্য ‘এভাবেই জন্ম নেয় গল্প’। সৌদি প্রযোজক ও পরিচালক আয়মান জামাল এতে স্থানীয় গল্পকে ভাবনা ও কাহিনি গঠন থেকে প্রযোজনা ও পরিচালনা পর্যন্ত চলচ্চিত্রে রূপ দেওয়ার ধাপ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ভূমিকা তুলে ধরবেন। এ সপ্তাহে ‘ভাবনা থেকে পর্দায়: স্থানীয় গল্প কীভাবে সফল চলচ্চিত্র হয়?’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ সেশন এবং প্রদর্শনী-পরবর্তী আলোচনাও থাকবে।
এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে ‘কমেডি... সীমানা ছাড়িয়ে’ (২৮ থেকে ৩০ অক্টোবর), ‘গতানুগতিকের বাইরে নির্মাণ’ (১১ থেকে ১৩ নভেম্বর), ‘দেখার আরেক চোখ’ (২৫ থেকে ২৭ নভেম্বর) এবং ‘প্রাণ পাওয়া আঁকা’ (২ থেকে ৪ ডিসেম্বর)। ১৬ থেকে ১৮ ডিসেম্বর ‘চরিত্রের পোশাকে’ সপ্তাহ দিয়ে কর্মসূচি শেষ হবে।
কর্মসূচির লক্ষ্য চলচ্চিত্র সংস্কৃতির প্রসার এবং আগ্রহী ও উদীয়মান প্রতিভাদের গল্প বলা, প্রযোজনা, পরিচালনা ও অ্যানিমেশন বিষয়ে জানার সুযোগ দেওয়া। আগ্রহীরা কর্মসূচির ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন।

