সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা গেছে, সৌদি আরবের সমুদ্রসীমায় তেল ও ক্ষতিকর পদার্থ নিঃসরণ মোকাবিলার জাতীয় মহড়া "ইস্তিজাবা ২৫" (রেসপন্স ২৫) কাল পূর্বাঞ্চলীয় প্রদেশে শুরু হচ্ছে। এতে ৫১টি সরকারি ও বেসরকারি সংস্থা অংশ নিচ্ছে। মহড়ার লক্ষ্য প্রস্তুতি ও সমন্বয় বাড়ানো এবং এ ধরনের ঘটনা মোকাবিলায় জাতীয় কর্মীদের সক্ষমতা যাচাই করা।

মহড়ার সরকারি মুখপাত্র সাদ আল-মুতরাফি জানান, সৌদি উপকূলজুড়ে মহড়া আয়োজনের নির্ধারিত সূচি অনুযায়ী এবার পূর্বাঞ্চলীয় প্রদেশ বেছে নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, মূল উদ্দেশ্য হলো জাতীয় সাড়াদান ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা, সমন্বয় ও তথ্য বিনিময়ের দক্ষতা মূল্যায়ন এবং তেল নিঃসরণ মোকাবিলার প্রস্তুতি জোরদার করা।

মুখপাত্র বলেন, অপারেশন রুম কাল দাম্মামে কাজ শুরু করবে। মহড়ার পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলবে রাজ্যের সমুদ্রসীমা, দাম্মামের কিং আবদুল আজিজ বন্দর এবং তারুত দ্বীপের সৈকতে; এতে সহযোগিতা করবে দারিন ও তারুত দ্বীপ উন্নয়ন প্রতিষ্ঠান।

মহড়ায় বালুকাময় ও পাথুরে সৈকতে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়া, সামুদ্রিক প্রাণী দূষিত হওয়া বা মারা যাওয়া এবং ম্যানগ্রোভ ক্ষতিগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতির অনুকরণ করা হবে। অংশগ্রহণকারী সংস্থাগুলো দূষণের প্রভাব কমানো, সময়মতো সিদ্ধান্তের জন্য তথ্য আদান-প্রদান এবং জরুরি পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা পরীক্ষা করবে।

আল-মুতরাফি জানান, জাতীয় পরিকল্পনার কাঠামো অনুযায়ী মহড়ার নেতৃত্ব দেবে পরিবেশগত সম্মতি তদারকির জাতীয় কেন্দ্র। পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় বসবাসকারী ও কর্মরতদের জন্য মহড়াটি গুরুত্বপূর্ণ, কারণ এর লক্ষ্য সামুদ্রিক পরিবেশ, অর্থনৈতিক কর্মকাণ্ড ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা জোরদার করা।