সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, এশীয় ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি ও ফিফার জ্যেষ্ঠ সহসভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা ২৭তম আরব গালফ কাপ জয়ের জন্য সৌদি আরবের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই সাফল্য আঞ্চলিক ও মহাদেশীয় পর্যায়ে সৌদি ফুটবলের বিশেষ অবস্থানের প্রতিফলন।
তিনি পুরো প্রতিযোগিতাজুড়ে সৌদি দলের শক্তিশালী পারফরম্যান্সের প্রশংসা করেন এবং বলেন, ‘আল-আখদার’-এর খেলোয়াড়েরা প্রতিটি ম্যাচে দৃঢ়তা ও সংকল্পের পরিচয় দিয়েছেন।
এএফসি সভাপতির মতে, ২৭তম গালফ কাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের আগে দলগুলোর জন্য এটি ছিল একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি।
শেখ সালমান ‘খালিজি ২৭’-এর সফল আয়োজনের জন্য সৌদি আরবেরও প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিযোগিতার চমৎকার আয়োজন বিভিন্ন পর্যায়ের ক্রীড়া আসর আয়োজনে সৌদি আরবের সুনামকে তুলে ধরেছে।
সৌদি আরবে বসবাসরত ফুটবলপ্রেমী বাংলাদেশিদের কাছেও এই টুর্নামেন্ট দেশটির ক্রমবর্ধমান ক্রীড়া পরিবেশের এক ঝলক হয়ে থাকল।
