সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ২৭তম আরব উপসাগরীয় ফুটবল কাপ 'খালিজি ২৭'-এর ফাইনাল মঙ্গলবার জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শিরোপার লড়াইয়ে সৌদি জাতীয় দল মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের। টুর্নামেন্টে দুই দলই চমৎকার যাত্রা পেরিয়ে ফাইনালে উঠেছে।

সৌদি আরব গ্রুপ পর্বে (গ্রুপ এ) সব ম্যাচ জিতে শীর্ষস্থান অর্জন করে। সেমিফাইনালে কাতারের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচ গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পায় দলটি। এসপিএর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে সৌদি দল কোনো গোল হজম করেনি।

অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ক্রমশ উন্নতি দেখানো আমিরাত সেমিফাইনালে ওমানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। ম্যাচের একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড উসমান কামারা।

নিজেদের উপসাগরীয় কাপের রেকর্ডে নতুন একটি শিরোপা যোগ করার বড় লক্ষ্য নিয়েই মাঠে নামবে দুই দল। ম্যাচটিতে বিপুল দর্শক উপস্থিতি ও তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরবে বসবাসরত ফুটবলপ্রেমী প্রবাসীদের জন্য জেদ্দায় অনুষ্ঠেয় এই ফাইনাল বাড়তি আকর্ষণ তৈরি করেছে।