সৌদি আরবের আকাশে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে যেসব প্রধান জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা দেখা যাবে বলে আশা করা হচ্ছে, তার একটি পরিচিতিমূলক নির্দেশিকা প্রকাশ করেছে সৌদি মহাকাশ সংস্থা। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর দিয়েছে।

পাঁচ বছরে মোট ৬২টি ঘটনা: • ২০২৬ সালে ৯টি; • ২০২৭ সালে ১২টি; • ২০২৮ সালে ১৪টি; • ২০২৯ সালে ১৫টি; • ২০৩০ সালে ১২টি। এর মধ্যে রয়েছে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, উল্কাবৃষ্টি, গ্রহদের সংযোগ ও প্রতিযোগ, বিষুব ও অয়নান্ত। প্রতিটি ঘটনার সহজ ব্যাখ্যাও দেওয়া হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য হলো ২ আগস্ট ২০২৭-এর পূর্ণ সূর্যগ্রহণ। ৭৫ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো পূর্ণগ্রাস পথ সৌদি আরবের কিছু অংশের ওপর দিয়ে যাবে। কোনো কোনো স্থানে পূর্ণগ্রাস প্রায় ছয় মিনিট স্থায়ী হতে পারে; অন্য এলাকায় আংশিক গ্রহণ দেখা যাবে।

অন্যান্য ঘটনা: • ৩১ ডিসেম্বর ২০২৮ পূর্ণ চন্দ্রগ্রহণ; • ১৩ এপ্রিল ২০২৯ গ্রহাণু ‘অ্যাপোফিস’ পৃথিবীর প্রায় ৩২ হাজার কিলোমিটার উচ্চতা দিয়ে নিরাপদে অতিক্রম করবে, যা বিজ্ঞানীদের জন্য বিরল গবেষণার সুযোগ; • ১ জুন ২০৩০ বলয়গ্রাস সূর্যগ্রহণ, যা সৌদি আরব থেকে আংশিক দেখা যাবে, এবং প্রায় দুই সপ্তাহ পর আংশিক চন্দ্রগ্রহণ।

সংস্থার বিশেষজ্ঞ অধ্যাপক জাকি আল-মুস্তফা বলেন, পূর্ণ সূর্যগ্রহণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা সম্পর্কে সচেতনতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি নিরাপত্তা নির্দেশনা মেনে চলা, সরাসরি সূর্যের দিকে না তাকানো এবং স্বীকৃত চোখের সুরক্ষা ব্যবহারের ওপর জোর দেন।

নির্দেশিকাটি সংস্থার ওয়েবসাইট https://ssa.gov.sa/en/home/ থেকে দেখা যাবে। সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশিরাও এই তালিকা ধরে নিরাপদে আকাশের এসব দৃশ্য উপভোগের পরিকল্পনা করতে পারেন।