সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, 'ফাহম' নামে পরিচিত ন্যাশনাল ট্রেনিং সেন্টার ফর ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি মদিনায় চাকরির নিশ্চয়তাসহ ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ডিপ্লোমা কর্মসূচিতে নিবন্ধন শুরু করেছে। কর্মসূচির লক্ষ্য সৌদি নাগরিকদের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ও আতিথেয়তা খাতে কাজের জন্য প্রস্তুত করা।
কেন্দ্রটি জানায়, কর্মসূচিটি দুই বছর মেয়াদি এবং সন্ধ্যাকালীন সময়ে চলবে। এটি সাধারণ মাধ্যমিক সনদধারী সৌদি নাগরিকদের জন্য, যাতে তারা শ্রমবাজারের চাহিদা অনুযায়ী পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন করে এই খাতের চাকরির জন্য যোগ্য হয়ে উঠতে পারেন।
প্রশিক্ষণার্থীরা স্বীকৃত ডিপ্লোমা সনদ, মাসিক আর্থিক ভাতা, চিকিৎসা বিমা এবং স্নাতক হওয়ার পর চাকরির সুযোগ পাবেন। কেন্দ্রের মতে, এতে জাতীয় মেধাবীদের প্রস্তুতি ও পেশাগত সম্ভাবনা আরও শক্তিশালী হবে।
মানবসম্পদ উন্নয়ন এবং আতিথেয়তা ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্টে দক্ষ জাতীয় জনবল গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে কর্মসূচিটি নেওয়া হয়েছে, যা সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আবেদনে আগ্রহীদের কর্মসূচির বিস্তারিত, নিবন্ধন পদ্ধতি ও ভর্তির তারিখ জানতে কেন্দ্রের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট অনুসরণ করতে বলা হয়েছে। কর্মসূচিটি সৌদি নাগরিকদের জন্য নির্ধারিত।
