সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়, রাজকীয় দরবারের উপদেষ্টা ও কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের (কেএসরিলিফ) সুপারভাইজার জেনারেল ড. আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-রাবিয়াহ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপের সঙ্গে একটি যৌথ নির্বাহী কর্মসূচিতে সই করেছেন।

২০২৬ সালে ইয়েমেনের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এই কর্মসূচি নেওয়া হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে চুক্তিটি সই হয়।

কর্মসূচির আওতায় বাস্তুচ্যুত ও সবচেয়ে অভাবী জনগোষ্ঠীর মধ্যে আশ্রয় কিট, তাঁবু ও উন্নত জরুরি আশ্রয় কিট বিতরণ করা হবে। এতে মারিব, তাইজ ও হুদাইদা প্রদেশের ১৩,৩০০ জন উপকৃত হবেন।

এসপিএর ভাষ্য অনুযায়ী, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও মানবিক এজেন্সির সঙ্গে সহযোগিতা ও সমন্বয় জোরদারে কেন্দ্রের প্রচেষ্টার অংশ হিসেবে এই চুক্তি করা হয়েছে, যাতে ইয়েমেনের বাস্তুচ্যুতদের মর্যাদাপূর্ণ জীবনের প্রয়োজন মেটানো ও প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেওয়া যায়।