সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের কর্মকর্তা ও একদল উগ্রপন্থী বসতিস্থাপনকারীর পবিত্র আল-আকসা মসজিদের বিরুদ্ধে অব্যাহত উসকানিমূলক কর্মকাণ্ডের সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, দখলদার কর্তৃপক্ষের অধীন বাহিনীর সুরক্ষায় এসব কর্মকাণ্ড চালানো হয়েছে, যা মসজিদের পবিত্রতা এবং এর ধর্মীয় ও ঐতিহাসিক মর্যাদার লঙ্ঘন।
মন্ত্রণালয় এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে সৌদি আরবের প্রত্যাখ্যান পুনর্ব্যক্ত করেছে এবং বলেছে, এগুলো বিশ্বজুড়ে মুসলমানদের অনুভূতিকে উসকে দেয়। আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত এবং বিশ্বের মুসলমানদের কাছে এর বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে: "সৌদি আরব দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা এবং গাজা উপত্যকায় 'ইয়েলো লাইন' পর্যন্ত বিস্তৃত এলাকা সংযুক্তি নিয়ে ইসরায়েলি বক্তব্যের নিন্দা জানায়, যেকোনো ইসরায়েলি সম্প্রসারণবাদী প্রচেষ্টা প্রত্যাখ্যান করে এবং ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের ১৯৬৭ সালের সীমানায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের ওপর জোর দেয়।"
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই বিবৃতি ফিলিস্তিনি জনগণের অধিকার ও পবিত্র স্থানের সুরক্ষা প্রশ্নে সৌদি আরবের ধারাবাহিক অবস্থানেরই প্রতিফলন।
