যুবরাজ ও মন্ত্রিপরিষদের সভাপতি (প্রধানমন্ত্রী) মহামান্য প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ রক্তদান করে ২০২৬ সালের বার্ষিক জাতীয় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেছেন। এই মহৎ মানবিক উদ্যোগ মানবকল্যাণমূলক কাজ ও সমাজের স্বাস্থ্য উন্নয়নে তাঁর (আল্লাহ তাঁকে হেফাজত করুন) অব্যাহত মনোযোগের প্রতিফলন। একই সঙ্গে এটি দান ও স্বেচ্ছাসেবার সংস্কৃতি সুদৃঢ় করা এবং জীবন বাঁচাতে অবদান রাখতে সমাজের সদস্যদের উৎসাহিত করার লক্ষ্যে গৃহীত জাতীয় উদ্যোগগুলোর প্রতি তাঁর অব্যাহত সমর্থনের ধারাবাহিকতা।
যুবরাজের রক্তদান একটি অনুপ্রেরণাদায়ী জাতীয় ও মানবিক বার্তা বহন করে, যা সৌদি সমাজের ভিত্তি পারস্পরিক সহমর্মিতা ও সংহতির মূল্যবোধকে প্রতিফলিত করে। এটি রক্তদানে এগিয়ে আসার গুরুত্বও তুলে ধরে, কারণ রক্তদান একটি মহৎ মানবিক কাজ, যা আল্লাহর ইচ্ছায় জীবন বাঁচাতে ও রোগীদের সহায়তায় ভূমিকা রাখে এবং সমাজে স্বেচ্ছাসেবা ও দানের সংস্কৃতি জোরদার করে।
এই কর্মসূচির লক্ষ্য নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতার ধারণা সুদৃঢ় করা এবং রক্ত ও রক্তের উপাদানে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে অবদান রাখা। রক্তদান অন্যতম গুরুত্বপূর্ণ মানবিক চর্চা, যা রোগী, জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন এমন ব্যক্তি, ক্যানসার ও রক্তরোগে আক্রান্ত রোগী এবং সংকটাপন্ন রোগীদের জীবন বাঁচাতে ভূমিকা রাখে।
এই কর্মসূচি মানবিক ও স্বাস্থ্য উদ্যোগে সহায়তা এবং সামাজিক অংশগ্রহণ বৃদ্ধিতে বিচক্ষণ নেতৃত্বের (আল্লাহ তাদের সহায় হোন) নীতিরই সম্প্রসারণ। এর মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানের হার বাড়ানো এবং রক্ত ও রক্তের উপাদানের নিরাপদ ও টেকসই সরবরাহ নিশ্চিতে স্বাস্থ্যব্যবস্থার প্রচেষ্টাকে সহায়তা করা হবে, যাতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে রোগীদের চিকিৎসার চাহিদা পূরণ নিশ্চিত হয়।
স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি জোরদারে সৌদি আরব উল্লেখযোগ্য অগ্রগতি অব্যাহত রেখেছে। ২০২৫ সালে রক্তদাতার সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। স্বেচ্ছায় রক্তদানের হার বাড়ানো এবং জাতীয় রক্ত মজুতের স্থায়িত্ব জোরদারের লক্ষ্যে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এটি অর্জিত হয়েছে, যা স্বাস্থ্য খাত রূপান্তর কর্মসূচি এবং সুস্বাস্থ্য ও উন্নত জীবনমানসম্পন্ন প্রাণবন্ত সমাজ গঠনে সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উল্লেখ্য, যুবরাজের উদ্বোধন করা ২০২৫ সালের বার্ষিক জাতীয় রক্তদান কর্মসূচি স্বাস্থ্য ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছিল। এর ফলে রক্তদাতার সংখ্যা চার গুণ বেড়েছিল এবং রাজ্যের ব্লাড ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ ৬৫ হাজারেরও বেশি রক্তদাতা নিবন্ধিত হয়েছিলেন; স্বেচ্ছায় রক্তদানের হার ছিল শতভাগ এবং ৮৫ শতাংশেরও বেশি ছিলেন নতুন রক্তদাতা। এই গতি সরাসরি রোগীদের চাহিদা পূরণে প্রতিফলিত হয়—৬৩ হাজারেরও বেশি মানুষ রক্তের ইউনিট থেকে, ১০ হাজার মানুষ প্লাটিলেট থেকে এবং ১০ হাজার মানুষ প্লাজমা থেকে উপকৃত হন। এতে ব্লাড ব্যাংকগুলোর প্রস্তুতি জোরদার হয়েছে এবং স্বেচ্ছায় রক্তদান একটি টেকসই সামাজিক আচরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

