ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক প্রেসিডেন্সিয়াল ডিক্রিতে আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন ১১ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত স্থগিত করেছেন। ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়।
ফিলিস্তিনি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৪ নম্বর ডিক্রি বাতিলের পর এই সিদ্ধান্ত আসে। ওই ডিক্রিতে ২৮ নভেম্বর ২০২৬ আইনসভা নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্য হিসেবে বলা হয়েছে, স্বাধীন, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য উপযুক্ত রাজনৈতিক, নিরাপত্তা ও মাঠপর্যায়ের পরিবেশ তৈরি করা।
সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিদ্যমান সাধারণ নির্বাচন আইন মেনে প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচনের প্রস্তুতি, আয়োজন ও তদারকি একসঙ্গে করবে, যাতে পূর্ব জেরুজালেমসহ সব ফিলিস্তিনি ভূখণ্ডে ভোট গ্রহণ নিশ্চিত হয়।
