স্ট্যানফোর্ড-এলসেভিয়ারের বৈশ্বিক তালিকায় উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৩৩ জন শিক্ষক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শীর্ষ ২% বিজ্ঞানী ও গবেষকের মধ্যে জায়গা করে নিয়েছেন।

তালিকাটি তৈরি করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রকাশ ও র‍্যাংকিংয়ে বিশেষায়িত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এলসেভিয়ারের সঙ্গে যৌথভাবে। এর মানদণ্ডে বৈজ্ঞানিক প্রকাশনার পরিমাণ, প্রভাবের মাত্রা এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার উদ্ধৃতির হার বিবেচনা করা হয়।

ঘোষণা অনুযায়ী, তালিকায় বিশ্ববিদ্যালয়ের ৩৩ জন শিক্ষাবিদের অন্তর্ভুক্তি এর গবেষণার মান ও মৌলিকত্ব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈশ্বিক বৈজ্ঞানিক প্রভাবের প্রতিফলন, যা জ্ঞান সৃষ্টির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানটির অবস্থান আরও দৃঢ় করছে।

এই অর্জন মেধাবী শিক্ষাবিদদের আকৃষ্ট করা এবং উদ্ভাবনবান্ধব শিক্ষার পরিবেশ গড়ে তোলার কৌশলের সাফল্যও তুলে ধরে, যার ফলে বিশ্ববিদ্যালয়টি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে পারছে।