সৌদি রপ্তানি-আমদানি ব্যাংক (সৌদি এক্সিম) প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৫০ বিলিয়ন রিয়ালের বেশি ঋণ সুবিধা দিয়েছে। এই মাইলফলক সৌদি আরবের অ-তেল রপ্তানির প্রবৃদ্ধি, প্রতিযোগিতা সক্ষমতা ও বিশ্ববাজারে প্রবেশাধিকার বাড়াতে ব্যাংকটির ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন।
ব্যাংকটির কার্যক্রম দ্রুত বাড়ছে। ১৮ মাসে এটি ৫০ বিলিয়ন রিয়ালের বেশি ঋণ সুবিধা দিয়েছে, আর গত বছর ঘোষণা করেছিল যে মোট ঋণ সুবিধা ১০০ বিলিয়ন রিয়ালে পৌঁছেছে।
ব্যাংকটি রপ্তানি অর্থায়ন, গ্যারান্টি ও রপ্তানি ঋণ বিমার মতো সমন্বিত সমাধান দেয়। স্থানীয় রপ্তানিকারক, আন্তর্জাতিক ক্রেতা এবং দেশি-বিদেশি আর্থিক প্রতিষ্ঠান এসব সুবিধা পায়, যার লক্ষ্য অর্থায়নের ঘাটতি পূরণ ও আন্তর্জাতিক বাণিজ্যের ঝুঁকি ব্যবস্থাপনা।
ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সাদ বিন আব্দুলআজিজ আল-খালব বলেন, ঋণ সুবিধার এই দ্রুত প্রবৃদ্ধি টেকসই উন্নয়নে সরকারের সীমাহীন সমর্থনের স্পষ্ট প্রমাণ। তিনি জানান, সৌদি ভিশন ২০৩০ অনুযায়ী ব্যাংকটি সব আকারের রপ্তানিকারক প্রতিষ্ঠানের চাহিদা মেটাতে মানসম্পন্ন ঋণ সমাধানভিত্তিক স্পষ্ট কৌশল অনুসরণ করছে।
আল-খালব এই অর্জনকে নতুন এক ধাপ হিসেবে উল্লেখ করেন, যা ব্যাংককে প্রভাব ও অংশীদারত্ব বাড়াতে উৎসাহিত করবে এবং সৌদি কোম্পানিগুলো আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্ববাজারে প্রবেশ করতে পারবে। ব্যাংকটি জাতীয় উন্নয়ন তহবিলের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
