সৌদি বিচারমন্ত্রী ড. ওয়ালিদ বিন মুহাম্মদ আল-সামআনির অনুমোদনে মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র দেওয়ানি লেনদেন আইনের (সিভিল ট্রানজ্যাকশনস ল) ব্যাখ্যা চার খণ্ডে প্রকাশ করেছে। কেন্দ্রের আইন-ব্যাখ্যা সিরিজে এটি তৃতীয় প্রকাশনা; এর আগে সাক্ষ্য আইন ও ব্যক্তিগত মর্যাদা (পারিবারিক) আইনের ব্যাখ্যা প্রকাশিত হয়েছে।

প্রথম খণ্ডে রয়েছে ভূমিকা অধ্যায় ও দায়বদ্ধতার উৎস, দ্বিতীয় খণ্ডে দায়বদ্ধতার বিধান, তৃতীয় খণ্ডে নামযুক্ত চুক্তি এবং চতুর্থ খণ্ডে বস্তুগত অধিকার ও সমাপনী বিধান।

মন্ত্রণালয় জানায়, এ ব্যাখ্যার লক্ষ্য আইনটি বোঝা সহজ করা এবং এর ধারাগুলোর অর্থ স্পষ্ট করা, যাতে বাস্তব ঘটনায় সেগুলোর সঠিক প্রয়োগ হয়, লেনদেনে স্থিতিশীলতা আসে, বিচারিক রায়ের মান বাড়ে এবং আইনি পরিমণ্ডল বিশেষায়িত জ্ঞানে সমৃদ্ধ হয়।

ব্যাখ্যাগ্রন্থে প্রতিটি ধারার উদ্দিষ্ট অর্থ, আইনি পরিভাষা, প্রয়োগের শর্ত ও প্রভাব, উদাহরণ এবং কোন কোন ক্ষেত্র ধারার আওতায় পড়ে আর কোনটি পড়ে না—তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

এটি ধারাগুলোকে সংশ্লিষ্ট অন্যান্য আইনের সঙ্গে যুক্ত করে, বিধান লঙ্ঘনের পরিণতি ব্যাখ্যা করে এবং কোন বিধানগুলো জনশৃঙ্খলার অংশ, যার বিপরীতে চুক্তি করা যায় না, তা চিহ্নিত করে। বিচারক, আইনজীবী, শিক্ষাবিদ, গবেষক, আইন উপদেষ্টা ও আইনের শিক্ষার্থীদের জন্য এটি প্রস্তুত করা হয়েছে।