সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সৌদি জাতীয় দিবস উপলক্ষে জেদ্দা গভর্নরেটের সড়ক ও চত্বরগুলো ৩,৫০০-এর বেশি পতাকায় সাজানো হয়েছে। এ বছর জাতীয় দিবসের প্রতিপাদ্য 'আমাদের গৌরব আমাদের স্বভাবে'।
প্রধান সড়ক, জনসাধারণের চত্বর ও পর্যটন স্থাপনাগুলোতে এই সাজসজ্জা করা হয়েছে, যা জাতীয় এই উপলক্ষের উদযাপনকে তুলে ধরে।
উদযাপনের অংশ হিসেবে প্রধান সড়কের পাশের ভবন এবং বিভিন্ন স্থানের নান্দনিক ভাস্কর্যগুলো সবুজ আলোয় আলোকিত করা হয়েছে। বিভিন্ন সড়ক ও চত্বরের স্ক্রিন ও বিলবোর্ডে চলছে ইন্টারঅ্যাকটিভ আলোকসজ্জা, যেখানে জাতীয় দিবসের প্রতীকের পাশাপাশি দেশের প্রতি আনুগত্য, অঙ্গীকার ও ভালোবাসার বার্তা তুলে ধরা হচ্ছে।
জেদ্দায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ সব বাসিন্দা ও দর্শনার্থীর জন্য সবুজ আলো আর পতাকায় সাজানো সড়কগুলো শহরে জাতীয় দিবসের আমেজ কাছ থেকে উপভোগের সুযোগ এনে দিয়েছে।



