সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আজ রিয়াদে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। শুরুতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও সুদানের অন্তর্বর্তী সার্বভৌম পরিষদের প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে ফোনালাপ এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু মন্ত্রিসভাকে জানান।
তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি বৈঠকের পর এসপিএকে জানান, মন্ত্রিসভা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে সৌদি অংশগ্রহণের ফলাফল পর্যালোচনা করেছে এবং জাতিসংঘ সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্রের কর্মসূচিতে সৌদি আর্থিক সহায়তাকে সন্ত্রাসবাদ মোকাবিলার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেছে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির মহাসচিবালয় প্রতিষ্ঠার অগ্রগতি এবং সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধানদের বৈঠকে নেওয়া পদক্ষেপের কথাও উল্লেখ করা হয়।
মন্ত্রিসভা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের সেই বিবৃতিকে স্বাগত জানায়, যেখানে সৌদি আরব ও বাণিজ্যিক জাহাজে হুথি মিলিশিয়ার অব্যাহত হামলা এবং লোহিত সাগর ও বাব আল-মান্দাবে নৌচলাচলের নিরাপত্তা হুমকির নিন্দা করা হয়েছে। হরমুজ ও বাব আল-মান্দাব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, হরমুজ প্রণালিতে ২৮ ফেব্রুয়ারির আগের অবস্থা ফিরিয়ে আনা এবং কোনো ফি বা বিধিনিষেধ আরোপ না করার ওপর জোর দেয় মন্ত্রিসভা।
ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের কর্মকর্তা ও চরমপন্থী বসতি স্থাপনকারীদের আল-আকসা মসজিদের পবিত্রতার ওপর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানায় মন্ত্রিসভা। একই সঙ্গে পুনর্ব্যক্ত করে যে, দ্বি-রাষ্ট্র সমাধান এবং ১৯৬৭ সালের সীমানায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই ন্যায্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ।
সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে কূটনৈতিক ও বিশেষ পাসপোর্টধারীদের পারস্পরিক ভিসা অব্যাহতি নিয়ে তুরস্কের সঙ্গে চুক্তি অনুমোদন, যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের সঙ্গে সাংস্কৃতিক এবং জিবুতির সঙ্গে স্বাস্থ্য খাতে সমঝোতা স্মারক নিয়ে আলোচনার অনুমতি, এবং সিরিয়ার সঙ্গে দুর্নীতিবিরোধী সমঝোতা স্মারক অনুমোদন। এছাড়া ওয়াকফ আইন কার্যকর না হওয়া পর্যন্ত মসজিদ ও এর স্থাপনাগুলো সরকারি স্থাপনা সুরক্ষা আইনের আওতায় থাকবে।



